মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই চমক দেখালেন নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন । তিনি ঘোষণা করেছেন, এখন থেকে দেশের স্কুল ও কলেজগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর নতুন করে ভর্তি ফি বা সেশন ফি নেওয়া যাবে না ।
দীর্ঘদিন ধরে অভিভাবকরা সেশন ফি’র নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ জানিয়ে আসছিলেন। প্রতি বছর একই স্কুলে ভর্তির নামে টাকা দেওয়ার প্রথা বন্ধ হওয়ায় সাধারণ ও মধ্যবিত্ত পরিবারগুলোর ওপর থেকে আর্থিক চাপ কমবে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সরকারি নীতিমালার বাইরে কোনো প্রতিষ্ঠান যদি অতিরিক্ত ফি বা প্রতি বছর নতুন সেশন ফি আদায় করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম বন্ধে তদারকি বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি ।
ফি আদায়ের প্রক্রিয়াকে স্বচ্ছ করতে সব ধরনের লেনদেন ব্যাংক বা অনলাইন মাধ্যমে করার ওপর জোর দেওয়া হয়েছে । কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন কৌশলে সেশন ফি নিতে না পারে, সেজন্য জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ মনিটরিং টিম গঠন করা হচ্ছে।
এই ঘোষণার পর ফেসবুক ও অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মে প্রশংসার বন্যা বইছে। নেটিজেনরা একে শিক্ষাবান্ধব সরকারের বড় সাফল্য হিসেবে দেখছেন। সাধারণ মানুষের প্রত্যাশা, এই সিদ্ধান্তের ফলে শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ হবে এবং পড়াশোনার পরিবেশ উন্নত হবে ।



